পিরোজপুর প্রতিনিধি:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রসার ঘটাতে এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে এবং পিরোজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুদ। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সিও অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।পরে স্টেডিয়াম মাঠে রঙিন বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের খেলাধুলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।