নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পিটিআই মাঠ প্রাঙ্গণে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. শেখ বাহাদুর।
আয়োজকরা জানান, বর্তমান তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতেই এই ১৬ দলীয় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্য ছড়িয়ে দিতে আর্সেনাল ক্লাবের এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে দারুণ প্রশংসিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান সব খেলোয়াড় উঠে আসবে, যা পিরোজপুরের সামগ্রিক ক্রীড়া চর্চাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে ভিড় জমাতে দেখা যায়।