পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়িয়া এলাকায় নারকেল গাছের ডালপালা ও আগাছা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত কৃষকের নাম হায়দার শেখ (৫০)। তিনি পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কৃষক হায়দার শেখ ডালপালা পরিষ্কারের জন্য নারকেল গাছে ওঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছের ওপরই অচেতন অবস্থায় আটকে পড়েন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়েবের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ ও নাজমুলের যৌথ প্রচেষ্টায় দড়ির সাহায্যে কৌশলগতভাবে প্রায় ৩৫-৪০ ফুট উঁচুতে আটকে থাকা মরদেহ নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার অভিযানে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ বিশেষ পারদর্শিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উদ্ধার অভিযান শেষে পিরোজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. শোয়েব জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে নারকেল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা কৃষককে উদ্ধার করে নিচে নামানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছিল।”
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত হায়দার শেখের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করে।