পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুর সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “পিরোজপুর জেলা বিএনপির অভিভাবকতুল্য নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন রাজপথের প্রতিটি সংগ্রামে সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসার বিনীত প্রার্থনা করছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বলেন, “অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরবাসীর অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব। তিনি বহু ব্যস্ততার মাঝেও এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতেন এবং নিয়মিত তাঁদের খোঁজখবর রাখতেন। উন্নত চিকিৎসার জন্য গত ১৭ অক্টোবর তিনি সিঙ্গাপুরে যান এবং সেখানে তাঁর একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।”
আলোচনা সভা শেষে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।