পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম পাশা (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ভাণ্ডারিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের লক্ষ্মীপুরা সাকিনস্থ “এনায়েত খাঁ” এর ব্রিজের সংলগ্ন টোল ঘরের সামনের পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মাহাবুব এর সার্বিক তত্ত্বাবধানে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাইফুল ইসলাম পাশাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ১২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা।
আটককৃত সাইফুল ইসলাম পাশা পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকার উজির আলী ব্যাপারী ও রুফিয়া বেগমের ছেলে। ডিবি পুলিশ জানায়, সে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।