
বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান (শাওন) (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৩৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তার মোসলেম আলি আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান (শাওন) পিরোজপুর জেলার কাউখালী থানার আইরন ঝাপর্সি গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ মাহাবুবের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি:) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ উর্মিলা আক্তার শান্তা
ঠিকানাঃ মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা সংবাদ ২০২৬